পরিবারে পরিবারে আমাদের কাজ
নিচের প্রতিটি প্রকল্প একটি প্রকৃত উদ্যোগ — প্রথম টাকা সংগ্রহ থেকে শেষ পরিবার পর্যন্ত সম্পূর্ণ স্বচ্ছভাবে অর্থায়িত ও বাস্তবায়িত।
সততা ফাউন্ডেশনের পরিচালিত ও পরিকল্পিত প্রতিটি প্রকল্প সম্পূর্ণ আর্থিক হিসাবসহ দেখুন।

যশোরের তালবাড়ীয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা মোঃ আলতাফ হোসেন মাঠে কাজ করার সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সততা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া হয় এবং ১,৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এটিই আমাদের ফাউন্ডেশনের প্রথম প্রকল্প।

ঈদুল আযহা ২০২৬ উপলক্ষ্যে তালবাড়ীয়া, ধানঘাটা ও যশোরের ৫৮টি পরিবারের মাঝে তেল, চাল, চিনি, সেমাই ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মোট ব্যয় হয়েছে ৳২৩,৪১৭।

একজন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ৳৯,৫০০ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সততা ফাউন্ডেশন একজন প্রয়োজনীয় ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেছে, যাতে তিনি আরও স্বাচ্ছন্দ্যে, মর্যাদা ও স্বাধীনতার সাথে চলাফেরা করতে পারেন।

ধানঘাটা ব্রিজ মসজিদ নির্মাণ ও সংস্কারের জন্য ১৪টি উৎস থেকে মোট ৳৩৪,১০০ অনুদান সংগৃহীত হয়েছে, যার মধ্যে প্রজেক্ট ০৪-এর অবশিষ্ট ৳২,০২০-ও অন্তর্ভুক্ত। দ্বিতীয় পর্যায়ে এই অর্থে ইলেকট্রিক মিটার, মসজিদ মেরামত এবং মসজিদের মোট ৫টি জানালার মধ্যে ২টিতে থাই গ্লাস ও একটি সিলিং ফ্যান স্থাপন করা হয়েছে। মোট ব্যয় ৳৩৩,৬০০ এবং অবশিষ্ট ৳৫০০। বাকি ৩টি জানালার কাজ সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রত্যাশিত।

একটি দুর্ঘটনায় তরুণ আশিকের হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার বাবা দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী, ফলে আশিকই ছিলেন পরিবারের একমাত্র উপার্জন ও ভরসা। এই কঠিন সময়ে সততা ফাউন্ডেশন অনুদানের দ্বিতীয় পর্যায়ে তার চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়িয়েছে। ৫ জন দাতার কাছ থেকে সংগৃহীত মোট ৳৭,০০০ দুই দফায় (৳৪,০০০ ও ৳৩,০০০) চিকিৎসা বাবদ ব্যয় করা হয়েছে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এই মানবিক পথচলাকে সচল রাখে।

সামাজিক ও ধর্মীয় উন্নয়নের ধারাবাহিকতায় সততা ফাউন্ডেশন তালবাড়ীয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের ইলেকট্রিক লাইন মেরামতে এগিয়ে এসেছে। ২৪টি অনুদান থেকে সংগৃহীত মোট ৳১৩,৩০০ সম্পূর্ণ এই মেরামত কাজে ব্যয় করা হয়েছে। আলহামদুলিল্লাহ! ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের শুভ কাজে আমাদের এই ক্ষুদ্র সহযোগিতা ভবিষ্যতে আরও বড় উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ। সবাই আমাদের ফাউন্ডেশনের জন্য ও এই সামাজিক উদ্যোগগুলোর সাফল্য কামনায় দোয়া করবেন।

সম্মান ও কৃতজ্ঞতার এক সুন্দর দৃষ্টান্ত। সততা ফাউন্ডেশনের পক্ষ থেকে তালবাড়ীয়া দক্ষিণ পাড়া কবরস্থান জামে মসজিদের বিদায়ী ইমাম সাহেবের দীর্ঘদিনের খেদমতের প্রতি সম্মান জানিয়ে ১৬টি অনুদান থেকে সংগৃহীত ৳১৮,০০০ উপহার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাঁকে উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ কবুল করুন। আমিন।

নালিয়া, যশোর সদরের চরম খাদ্য সংকটে থাকা তাসলিমা আক্তারের ৫ সদস্যের পরিবারকে প্রায় ২ মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। ৩৬টি অনুদান থেকে সংগৃহীত মোট ৳৪,৫৯৫ সম্পূর্ণ এই সহায়তায় ব্যয় হয়েছে। মানুষ মানুষের জন্য—প্রয়োজনে পাশে দাঁড়ানোই আমাদের পরিচয়।
এই পাতার প্রতিটি প্রকল্প একটি মাত্র অনুদান দিয়ে শুরু হয়েছিল। পরেরটি শুরু হতে পারে আপনার অনুদানে।